ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এসময় তিনি বলেন, একটি গাছ রোপণ শুধু চারা লাগানো নয়, এটি আগামী প্রজন্মের প্রতি দায়িত্ববোধ, পরিবেশ সুরক্ষার অঙ্গীকার এবং একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি।
রবিবার (১৯ জুলাই) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, ‘আজ আমরা শুধু একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি। আমরা একত্রিত হয়েছি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে।
আফরোজা খানম বলেন, বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে।
উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের সচেতনতা বৃদ্ধিও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
মন্ত্রী আরও বলেন, ‘একটি গাছ লাগানো শুধু একটি চারা রোপণ নয়। এটি একটি অঙ্গীকার, একটি দায়িত্ব এবং আগামী প্রজন্মের জন্য একটি মূল্যবান উপহার।’
এসময় তার প্রতি আস্থা রাখায় মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আফরোজা খানম। একইসঙ্গে জেলার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে নিয়ে একটি গাছ রোপণের মাধ্যমে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

