রবিবার, ১৯ জুলাই ২০২৬

[the_ad id='15178']

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত বন্দি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজন মেট্রন ও পাঁচজন নারী কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

- Advertisement -

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ জানান, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি ও মেরিনা, এবং নারী কারারক্ষী রেহেনা, শায়লা, শারমিন, জেমি ও আসমা।

- Advertisement -shukee

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় পাহারায় থাকা কারারক্ষীদের তদারকিতে ঘাটতি দেখা দিলে সেই সুযোগ কাজে লাগান রিম্পা। তিনি চতুরতার সঙ্গে কারাগারের অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

ঘটনার পর পরই পুরো কারাগারে চিরুনি তল্লাশি চালায় কারা কর্তৃপক্ষ। তবে তার কোনো সন্ধান না মেলায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজেই রিম্পার সীমানা প্রাচীর পার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দেয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে একজন বন্দি এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষ করে সাজাপ্রাপ্ত আসামিকে দিয়ে কায়িক শ্রম করানো এবং সেই সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করাকে গুরুতর গাফিলতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। বর্তমানে পলাতক রিম্পাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও