আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘রোটারি ক্লাব অফ চিটাগাং নর্থ’-এর চার্টার এবং ফ্যামিলি নাইট গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নগরীর একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রোটারিয়ান আবু বকর চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াত এবং পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এম মহিউদ্দিন মুকুটের রোটারি ইনভোকেশন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্য অতীত সভাপতি রোটারিয়ান জসীম উদ্দীন আহমদ চৌধুরী। তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিগত রোটা বর্ষে ক্লাবের সকল মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান শুভময় দাশ রাজু তাঁর চলমান কমিটির সকল নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে সবার সাথে পরিচয় করিয়ে দেন। তিনি আগামী দিনে ক্লাবের সেবাধর্মী কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি ও ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব জি এস আর ও পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান এস.কে.আজিম পিন্টু, পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান সালমা রহমান মনি।এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের সকল অতীত সভাপতি, সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যগণ, বিভিন্ন রোটারি ক্লাবের আমন্ত্রিত প্রতিনিধি এবং রিপসার চট্টগ্রাম জোনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চার্টার নাইট উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে এক বর্ণাঢ্য কেক কাটা হয়। এরপর ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে নৈশভোজ পরিবেশনের মাধ্যমে আনন্দময় এই চার্টার এবং ফ্যামিলি নাইট অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

