চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
বুধবার (১৭ জুন) সকালে সিডিএ’র সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, নগরের উন্নয়নে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পিলারসহ বিভিন্ন অবকাঠামোগত জটিলতা অনেক সময় উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
একইসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সেবা সংস্থার সহযোগিতা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, তিনি নিজে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না এবং কর্মকর্তাদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
সরকারি জমি, খাল কিংবা নালা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বরদাশত করা হবে না। রাজনৈতিক পরিচয় বা দলের পদমর্যাদা বিবেচনা না করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সিডিএ কর্মকর্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সিডিএ’র সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

