চট্টগ্রামে পাহাড়ধস ঝুঁকি হ্রাস এবং বর্ষাকালীন প্রস্তুতি জোরদারে পূর্বাভাসভিত্তিক কার্যক্রম (অ্যান্টিসিপেটরি অ্যাকশন) আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা বাস্তবায়িত
“এ্যান্টিসিপেটরি এ্যাকশন ফর ল্যান্ডস্লাইড কজিং ডিসপ্লেসমেন্ট ফর কমিউনিটি’স ইন চট্টগ্রাম এণ্ড বান্দরবান ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ”

প্রকল্পের উদ্যোগে নগরীর হোটেল আগ্রাবাদে “চট্টগ্রামে পাহাড়ধস ঝুঁকি হ্রাস ও বর্ষাকালীন প্রস্তুতিমূলক আগাম কার্যক্রমে ডিএমসি কর্তৃক পরিচালিত লার্নিং ল্যাবের ভূমিকা” শীর্ষক এক কর্মশালা আজ বুধবার (৬মে) অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সরকারি, বেসরকারি ও কারিগরি অংশীজনেরা অংশ নেন। তারা আগাম সতর্কবার্তা, পূর্বাভাসভিত্তিক পরিকল্পনা, স্থানীয় পর্যায়ের সমন্বয় এবং ডিএমসি- নেতৃত্বাধীন উদ্যোগকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সময়োপযোগী প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে চট্টগ্রামে ভূমিধসজনিত ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি বলেন, “ভূমিধস চট্টগ্রামের দীর্ঘদিনের একটি বড় ঝুঁকি। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন ও পাহাড় কাটার কারণে এ ঝুঁকি আরও বাড়ছে। পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের মাধ্যমে আগাম প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ডিএমসি) নেতৃত্বাধীন স্থানীয় পর্যায়ের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মো. আবদুর রহমান খাঁন, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাকসুদুর রহমান, বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল নন্দী, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান, ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী অরুনদর্শী চাকমা। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র অফিসার আবু তৈয়ব। চট্টগ্রামে পাহাড়ধস ঝুঁকি হ্রাস ও বর্ষাকালীন প্রস্তুতিমূলক আগাম কার্যক্রমে ডিএমসি কর্তৃক পরিচালিত লার্নিং ল্যাবের ভূমিকা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইপসার ম্যানেজার (গবেষণা, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) ড. মোরশেদ হাসান মোল্লা।


