চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজী পেলাগাজী (রহ.) দীঘির পূর্ব পাড়ে অবস্থিত প্রায় ৫০০ বছরের প্রাচীন কবরস্থানের ওপর দিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর পেলাগাজী দীঘির মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে হযরত কাজী পেলাগাজী (রহ.) জামে মসজিদের মুসল্লি ও এলাকার স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুদ্দিন সুমন, নাঈম উদ্দীন, মোহাম্মদ ইমরান, মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দীন আলকাদেরি, আলাউদ্দীন মামুন, মোহাম্মদ সরোয়ার, ইউপি সদস্য আতাউল হক মুন্সি, আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামশুল আলম এবং মোহাম্মদ মঈন উদ্দীন।
বক্তারা বলেন, প্রায় পাঁচ শতাব্দীর পুরোনো এই কবরস্থানে শতাধিক কবর রয়েছে।
এটি এলাকার মানুষের ধর্মীয়, সামাজিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কবরস্থান ধ্বংস করে সড়ক প্রশস্ত করা হলে শুধু একটি কবরস্থান নয়, এলাকার ইতিহাস ও ধর্মীয় অনুভূতিতেও আঘাত হানবে।
তারা বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা যেন মানুষের ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য এবং প্রাচীন কবরস্থানের মতো সংবেদনশীল স্থাপনা ধ্বংসের বিনিময়ে না হয়।
তারা দাবি করেন, সড়কের পশ্চিম পাশে কোনো ধরনের অধিগ্রহণ নেই।
অন্যদিকে পূর্ব পাশে অধিগ্রহণের পর্যাপ্ত খালি জায়গা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে কবরস্থানের অংশ দিয়ে সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কবরস্থান অক্ষত রেখে বিকল্প পরিকল্পনায় সড়ক সম্প্রসারণের দাবি জানান। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

