রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সিস্টেম চালু হয়েছে। এর মাধ্যমে দেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম।
সোমবার (২০ এপ্রিল) বিমানবন্দরের নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নতুন এই এটিএম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের বেসামরিক বিমান চলাচল খাতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। আধুনিক প্রযুক্তিনির্ভর এই সিস্টেম চালুর ফলে আকাশসীমা ব্যবস্থাপনায় নিরাপত্তা ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি পাবে। প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স সরকারসহ সংশ্লিষ্ট সবার অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, থ্যালেসের সরবরাহকৃত প্রযুক্তি দেশের আকাশসীমা ব্যবস্থাপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, সরকারের ধারাবাহিক উদ্যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। সম্মিলিত প্রচেষ্টায় এ খাতে আরও অগ্রগতি অর্জিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুল্যমান মিল্লাত। তিনি বলেন, এই সেন্টার চালুর ফলে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বাড়বে, আকাশসীমার ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক মনিটরিং ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক হবে।
তিনি আরও বলেন, এর ফলে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্বও বাড়বে। ভবিষ্যতে ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (FIR) সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম। আরও বক্তব্য দেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, বিমান বাহিনীর প্রতিনিধিসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

