চট্টগ্রামে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ডেভ কেয়ার ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘সু-স্বাস্থ্য: সেবা নিন, সুস্থ থাকুন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ৪এপ্রিল) বিকেলে নগরীর ও.আর. নিজাম রোডস্থ চট্টগ্রাম হেলথ পয়েন্ট হাসপাতাল সংলগ্ন কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, দৈনিক পূর্বকোণ এর সম্পাদক. ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম মেডিকেলের সিন্ডিকেট সদস্য ডা: খুরশীদ জামিল চৌধুরী। আয়োজকরা জানান, ‘সু-স্বাস্থ্য’ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া একটি বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা ডঅপরিহার্য। ‘ডেভ কেয়ার ফাউন্ডেশন’-এর এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে অসংক্রামক রোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব, যা স্বাস্থ্যখাতের ওপর চাপ কমাতে সহায়ক হবে।”
মেয়র বলেন, “চট্টগ্রামকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে নাগরিকদের সচেতনতা এবং সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।”

