বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খুনের  ঘটনা ঘটেছে ২১টির মতো

রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে আবার শুরু হয়েছে খুনোখুনি। আজ বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুনের ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে অলিমিয়াহাট বাজারে। দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে যুবদল কর্মী মুহাম্মদ আবদুল মজিদকে (৫০)।

- Advertisement -

দলীয় সূত্রের দাবি, নিহত আবদুল মজিদ পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। আজ সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হন আবদুল মজিদ। এ সময় মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে আব্দুল মজিদকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।

- Advertisement -shukee

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর চোখের ওপরে, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লাগে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকেরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহত মজিদের স্ত্রী শাহনাজ বেগম বলেন, এর আগেও তাঁর স্বামীর ওপর হামলা হয়েছিল। তখন তিনি বেঁচে যান। এবার তাঁকে হত্যা করা হয়েছে।

গত ৫ জানুয়ারি একই বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে মুহাম্মদ জানে আলম (৪৮) নামের আরেক যুবদল নেতাকে একই কায়দায় মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে  খুনের  ঘটনা ঘটেছে ২১টির মতো। এ সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে এবং গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক মানুষ।

সর্বশেষ

এই বিভাগের আরও