চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আবদুল লতিফ রোড (কালাম কলোনি), রসুলবাগ আবাসিক এলাকা ও নূর বক্স রোডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এডিপি প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ টাকা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর দৈনন্দিন চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পরিকল্পিত ড্রেনেজ ও মানসম্মত সড়ক উন্নয়ন জরুরি। পশ্চিম বাকলিয়ার এই এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে জনভোগান্তি ছিল। এ প্রকল্পের মাধ্যমে ড্রেন ও রাস্তার উন্নয়ন সম্পন্ন হলে বর্ষা মৌসুমেও পানি নিষ্কাশন স্বাভাবিক থাকবে এবং এলাকার জীবনমান উন্নত হবে।”

তিনি আরও বলেন, “ড্রেনেজ নেটওয়ার্ককে কার্যকর করতে সড়ক উন্নয়নের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে পুনরায় জলাবদ্ধতা সৃষ্টি না হয়। কাজের মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
মেয়র আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াতে গতি বাড়বে এবং সামগ্রিকভাবে এলাকার পরিবেশ উন্নত হবে। এ সময় তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র সকল ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে কোনো ধরনের কারচুপি সহ্য করা হবে না। কাজের মান রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদেরও তদারকির দায়িত্ব নিতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পশ্চিম বাকলিয়ার গুরুত্বপূর্ণ সড়কসমূহে টেকসই অবকাঠামো গড়ে উঠবে এবং বর্ষাকালীন জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন প্রমুখ।

