চট্টগ্রামের পরিবেশগত উন্নয়ন ও জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি সব সংস্থা এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই চট্টগ্রাম গড়ে তুলতে হলে স্থানীয় সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল এর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ণ উপকূলীয় মহানগর হওয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এখানে তুলনামূলকভাবে বেশি। নগরীর পরিবেশ রক্ষায় নদী, খাল ও ড্রেনেজ ব্যবস্থাকে পরিচ্ছন্ন ও কার্যকর রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে নাগরিক নেতৃত্বে পরিচালিত উদ্যোগ এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান (Nature-based Solutions) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি অক্সফাম প্রতিনিধিদলকে পরামর্শ দেন, তাদের ভবিষ্যৎ কর্মসূচিতে চট্টগ্রামের নদী, খাল ও নালা সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু সহনশীল ড্রেনেজ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিতে। মেয়র বলেন, “সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার উদ্যোগ তখনই সফল হবে, যখন নাগরিকরা সচেতন হয়ে এতে অংশ নেবে।”
মতবিনিময় সভায় জানানো হয়, অক্সফাম ইন্টারন্যাশনাল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলীয় নগরীগুলোতে নাগরিক নেতৃত্বে ও ইকোসিস্টেমভিত্তিক জলবায়ু অভিযোজন কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচি সফল হলে জাতীয় ও স্থানীয় এনজিও এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে স্থানীয় নগর সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করা হবে।
অক্সফাম প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশে ক্লাইমেট জাস্টিস প্রধান ড. মোহাম্মদ এমরান হাসান এবং এশিয়া প্রোগ্রাম ম্যানেজার এনামুল মাজিদ খান সিদ্দিকী। সভায় আরও উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী ইশতিয়াক উর রহমান।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন আশা প্রকাশ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও অক্সফাম ইন্টারন্যাশনালের সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


