সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম শহরের উন্নয়ন নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শহরের টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সরকারি সেবা সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় হাউজিং সোসাইটিগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

শুক্রবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘ফ্যামিলি নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

- Advertisement -shukee

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি বাণিজ্যিক ও জনবহুল মহানগরী। এই নগরীর উন্নয়ন শুধুমাত্র সিটি কর্পোরেশন বা সরকারি দপ্তরগুলোর পক্ষে এককভাবে করা সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে হাউজিং সোসাইটি, সামাজিক সংগঠন ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে একটি বাসযোগ্য ও উন্নত শহর গড়ে তুলতে।

তিনি নাসিরাবাদ হাউজিং সোসাইটির ভূয়সী প্রশংসা করে বলেন, এই সোসাইটি নিজ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কমিউনিটি সেন্টার নির্মাণ এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেছে। এসব কার্যক্রমের ফলে একদিকে যেমন এলাকার মানুষ প্রয়োজনীয় সেবা পাচ্ছে, অন্যদিকে সরকারি সেবা সংস্থাগুলোর ওপর চাপও কমেছে। এটি একটি আদর্শ মডেল, যা অন্যান্য হাউজিং সোসাইটির জন্য অনুসরণযোগ্য।

মেয়র আরও বলেন, নগরের উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামো নয়; শিক্ষা, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাও নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। নাসিরাবাদ হাউজিং সোসাইটি সে কাজটি সফলভাবে করে দেখিয়েছে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম শহরকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর করতে হলে এ ধরনের হাউজিং সোসাইটির নেতৃবৃন্দকে আরও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই চট্টগ্রাম শহর এগিয়ে যাবে এবং নাগরিকদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদ ২০২৫-২৭ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান,  সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন, সম্পাদক মুজিবুল হক ছিদ্দিকী (বাচ্চু) প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও