আওয়ামী লীগের গড়ে তোলা কিশোর গ্যাং আর মাদকের অপসংস্কৃতি নির্মূলে শিশু কিশোরদের খেলার মাঠে ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১ টি খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।
তিনি শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চাঁন্দগাও ওয়ার্ডস্থ জামেয়া দারুল মা’রিফ আল ইসলামিয়া মাদ্রাসা মাঠের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি মোনাজাত পরিচালনা করেন।
মেয়রের খেলার মাঠ গড়ার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি কিশোরদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে কিশোর গ্যাং ও মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলার সুযোগ বাড়ানো ছাড়া বিকল্প নেই।
উপদেষ্টা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন যে দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তুলছেন, তা শুধু নগর উন্নয়ন নয় বরং একটি সুস্থ, সচেতন ও নৈতিক প্রজন্ম তৈরির কার্যকর উদ্যোগ। এ ধরনের উদ্যোগে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এসময় মেয়র বলেন, এই উদ্যোগ কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল না, বরং দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর বাস্তব চাহিদা ও বিদ্যমান সামাজিক সংকট বিবেচনায় নিয়েই তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছেন।
তিনি বলেন, গত ১৬ বছরে নগরজীবনে ইভটিজিং ও কিশোর গ্যাং এই দুইটি ভয়াবহ সামাজিক চ্যালেঞ্জ দৃশ্যমানভাবে বেড়েছে। রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে একটি প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সংস্কৃতি তৈরি করা হয়েছে, যার খেসারত আজ সমাজকে দিতে হচ্ছে। এই বাস্তবতায় দায়িত্ব গ্রহণের পর শপথের দিনই ঘোষণা দিয়েছি, চট্টগ্রাম শহরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নিশ্চিত করা হবে এবং যেসব মাঠ অবহেলিত বা অচল অবস্থায় আছে, সেগুলো সংস্কার করে কিশোর ও যুবসমাজের জন্য খেলাধুলা ও বিনোদনের উপযোগী করে তোলা হবে।
তিনি বলেন, সুস্থ দেহে সুন্দর মন, মন ভালো না থাকলে কোনো কাজেই আগ্রহ আসে না। আর মন ভালো রাখতে হলে শরীরকে সুস্থ রাখতে হবে। এই দর্শন থেকেই খেলাধুলাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।
মেয়র জানান, ইতোমধ্যে নগরীর ১১টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই এসব মাঠ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আগ্রাবাদ এলাকার দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী জাম্বুরী মাঠ উন্নয়ন প্রকল্প প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে আগ্রাবাদে শিশু পার্ক পুনরায় চালু করা হয়েছে। এছাড়া মহসিন কলেজ মাঠে প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠ উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে। বাকলিয়া স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনায় কাজ চলমান রয়েছে। হালিশহর বিডিআর মাঠে দীর্ঘদিন পর ঘাস লাগানো হয়েছে- যা এখন একটি মনোরম খেলাধুলার পরিবেশে পরিণত হয়েছে। হালিশহর এইচ ব্লক, ফিরোজশাহ মাঠ ও মাদারবাড়ির বালির মাঠসহ নগরীর বিভিন্ন এলাকায় মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে মেয়র আরও জানান, জামিয়া দারুল মারিফ ইসলামিয়া মাদ্রাসা মাঠ সংস্কারের বিষয়ে স্থানীয়দের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে এই মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দও দেওয়া হবে। মাঠের রক্ষণাবেক্ষণে স্থানীয়দের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরিবেশ সচেতনতার বিষয়ে মেয়র নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ডাব ও তালের খোসা ফেলার কারণে নালা ও খাল নষ্ট হচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং একমাত্র কর্ণফুলী নদী মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এসব জায়গায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে, যার ভোগান্তি শেষ পর্যন্ত নগরবাসীকেই পোহাতে হয়। এজন্য সবাইকে ক্লিন সিটি গড়তে ভূমিকা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রিন্সিপাল শায়খ ফুরকানুল্লাহ খলীল, জামেয়া দারুল মা’আরিফের শিক্ষক মাওলানা নুরুল আমিন, মাওলানা আফীফ ফুরকান মাদানী, মাওলানা মাহমুদ মুজিব।

