মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল ১৬ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আইইবি’র শহীদ প্রকৌশলী শামসুজ্জামান-শহীদ প্রকৌশলী নুর হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানমালার মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অন্তর্ভুক্ত ছিল। সকাল ৯:০১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। উপস্থিত ছিলেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান, সম্মানী সম্পাদক, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, স্থানীয় কাউন্সিল সদস্য, ইআরসির নেতৃবৃন্দ, পিডিবির প্রধান প্রকৌশলীসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী প্রকৌশলী রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, গণতন্ত্র, মানবতা, শোষণমুক্ত ও বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ বিনির্মানের জন্য। কিন্তু স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে সে লক্ষ্য অর্জিত হয়নি এবং মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘ ১৭ বছর অনিয়ম, অবিচার ও জুলুম নির্যাতনের অবৈধ শাসন দেশে বিদ্যামান ছিল। ছাত্র জনতার সংগ্রামের ফলে ২০২৪ এ ফ্যাসিস্ট বিরোধী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ আদিপত্যবাদ মুক্ত হয়। তিনি প্রকৃত জাতি গঠনে সততা, নৈতিকতা ও দুর্নীতিমুক্ত হয়ে জীবন যাপনের উপর গুরুত্বারোপ করেন। তিনি ভবিষ্যত প্রজন্মের আকাঙ্খা অনুযায়ী দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয়ে একাত্তরে মুক্তিযুদ্ধে জীবন বিসর্জনকারী, ২৪ এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী ও পঙ্গুত্ববরণকারীদের অবদান স্মরণ রেখে জাতি গঠনে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণ চাহিদার জন্য এদেশে স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে সে গণতান্ত্রিক চেতনা নষ্ট করে স্বাধীনতাকামী জনগণের কন্ঠরোধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ১৭ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অস্বস্থিকর পরিস্থিতিতে দেশবাসীকে জীবনযাপন করতে হয়েছে। সত্য কথা বলতে গিয়ে বুয়েটের আবরার ফাহাদসহ অসংখ্য দেশ প্রেমিককে জীবন দিতে হয়েছে। তিনি ৭১ এর স্বাধীনতা সংগ্রাম ও ২৪ এর গণঅভ্যুত্থানে যারা আত্মাহুহি দিয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন তাদের অবদান স্বীকার করে এবং শরীফ ওসমান হাদীর উপর আক্রমনের কথা স্মরণ রেখে দেশ বিনির্মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি আহ্বান জানান।
কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী নিখিল রঞ্জন দাশ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ নুরুল আলম, স্থানীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী সরকার মোঃ আবদুল্লাহ আজম, প্রকৌশলী এমাদুল হক, প্রকৌশলী ইমরান আলী, ইআরসির ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল হোসেন, ইআরসির সম্পাদক (অর্থ) ও সম্মানী সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান ও সম্মানী সহকারী প্রকৌশলী ইমরান খান।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে আইইবি ভবনকে লাল সবুজ রংয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

