চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন তামান্না। গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে হাইকোর্ট থেকে তাঁরা জামিন পান। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।
বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তাঁর স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন। গত মাসে তাঁদের চট্টগ্রাম কারাগার থেকে ওই দুই কারাগারে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চারটি মামলায় সাজ্জাদ ও তাঁর স্ত্রী উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আদেশগুলো চট্টগ্রাম আদালতে আসার পর বিষয়টি জানাজানি হয়। তবে তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
রায়হানুল ওয়াজেদ চৌধুরী আরও বলেন, এ জামিন আদেশ স্থগিতের বিষয়ে হাইকোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে। পাশাপাশি বাকি মামলাগুলোয় যাতে জামিন না পান, সে বিষয়েও রাষ্ট্রপক্ষ সতর্ক থাকবে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তাঁর স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে।
গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা উল্লেখ করে তামান্নার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ।

