চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার হালিশহর থানার আনন্দপুর এলাকায় নালায় পড়ে এক নিহত শিশু হুমায়রার পরিবারকে একলাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৯জুলাই) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে নিহত শিশুর বাবার হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন মেয়র।

এসময় মেয়র বলেন, হুমায়রার মর্মান্তিক দুর্ঘটনার পরপরই আমি উদ্ধার কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করেছি। ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য নগর পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। এই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করছি আমরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মোহাম্মদ আলী প্রমুখ।

