চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় বাসের মধ্যে প্রকাশ্যে আবারও নাহিদা আক্তার নামে এক নারী আইনজীবীর সোনার চেইন ছিনতাই হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আইনজীবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কোর্ট বিল্ডিংয়ে প্রবেশের মুখে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আইনজীবী নাহিদা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাসা দেওয়ানহাট এলাকায়। আমি সেখান থেকে ৯টার দিকে ৬ নম্বর বাসে উঠি আদালতে যাওয়ার জন্য। বাসটি নিউমার্কেট যাওয়ার পর সেখান থেকে ৭ থেকে ৮ জন ছেলে বাসে ওঠে। আমি একদম সামনের দিকে ছিলাম বাসের। সাড়ে ৯টার দিকে বাস কোর্ট বিল্ডিং এলাকায় অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সামনে আসার পর আমি নামার প্রস্তুতি নেই। আমি বোরকা এবং ওড়না পড়া ছিলাম তখন। যেই নামার জন্য বাসের সিড়িতে দাঁড়িয়েছি, তখন হালকাভাবে আমার চেইনটা দেখা যায় ওড়নার ফাঁক দিয়ে। তাদের মধ্যে তিনজন ছিল সামনে আর পাঁচজন আমার পেছনে। নিচে নামতে যাওয়ার সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে ঝটকা টান মেরে আমার চেইনটা নিয়ে যায়।’
তিনি বলেন, ‘ওরাই (ছিনতাইকারী সন্দেহকারী) আবার নেমে আমাকে পরামর্শ দিচ্ছে, কে না কে নিয়েছে ভালোভাবে খুঁজে দেখেন। এরপর আমার আসলে তাৎক্ষণিক কিছু করার ছিল না। পরবর্তীতে আমি আদালতে চলে যাই। এরপর সেখান থেকে কোতোয়ালী থানায় যাই। থানায় লিখিত অভিযোগ দেয়ার পর একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে ঘটনাস্থলে যায়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনের ওই জায়গায় বা বিপরীতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। যার ফলে কারা এ কাজ করেছে পুলিশ শনাক্ত করতে পারেনি।’
শঙ্কা প্রকাশ করে আইনজীবী নাহিদা বলেন, ‘আমি ঘটনার আকস্মিকতায় বাসের নম্বরও খেয়াল করতে পারিনি। কিছুদিন আগেও আমার আরেক নারী সহকর্মী অ্যাডভোকেট সোমার সাথে একইভাবে একই ঘটনা ঘটেছে। পুলিশ ওই ঘটনায় এখনো কিছু করতে পারেনি। আর আজ আমার সাথে ঘটলো একই ঘটনা। আসলে এখন নিরাপত্তা শঙ্কায় থাকি সবসময়।’
এ বিষয়ে জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে, ২৬ ফেব্রুয়ারি নগরের স্টেশন রোড এলাকায় একই রুটের চলন্ত বাস থেকে একই কায়দায় শেফায়েতুন নেছা সোমা নামে এক নারী আইনজীবীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাৎক্ষণিক বাস চালক ও সহকারীকে আটক করেছিল পুলিশ। তবে উদ্ধার করা যায়নি ছিনতাই হওয়া চেইনটি।

