কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে চট্টগ্রাম নগরীর দেবপাহাড় থেকে আটক করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেবপাহাড়ে তার পৈত্রিক বাসা থেকে চকবাজার থানার পুলিশ ৫২ বছর বয়সী এই আওয়ামী লীগ নেত্রীকে আটক করে নিয়ে যায়।

কক্সবাজারের রামুর বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত।
দেবপাহাড়ের বাসা থেকে গ্রেপ্তারের ঠিক আগে নাজনীন সরওয়ার কাবেরী তার ফেসবুক টাইমলাইনে ২৯ সেকেন্ডের এক লাইভ ভিডিও প্রচার করেন। এ সময় বহিরাগত একদল লোকের চিৎকার-চেঁচামেচি ও ধস্তাধস্তির শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় জামায়াত ও বিএনপির একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। এ সময় কিছু লোক কাবেরীর বাসায় হামলার চেষ্টা করে। কাবেরীকে এ সময় তার পরিবারের সদস্যরা বাসার ছাদে নিয়ে যান। চকবাজার থানার পুলিশ প্রথমে বাসার ভেতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে তাকে আটক করে।
জানা গেছে, কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়ার পর দেবপাহাড় এলাকায় একদল লোক মিছিল করে। তবে তারা কোন্ দলের, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন কক্সবাজারের কাবেরী
পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পানির ট্যাংকের ভেতরেই লুকিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে দেবপাহাড় এলাকার একটি ভবনের ছাদে রাখা গাজী ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে আনা হয়।

নাজনীন সরওয়ার কাবেরী সবশেষ কক্সবাজার-৩ আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।
কাবেরীকে আটকের বিষয়ুট নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা ।
তিনি বলেন, ‘গেল রাত ১১টার দিকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। কক্সবাজার জেলা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে নাজনীন সরওয়ার কাবেরীর নামে কোনো মামলার খবর পাওয়া যায়নি। এ কারণে তিনি নিজ বাসাতেই থাকতেন বলে তার পারিবারিক একটি সূত্র জানিয়েছে।

