প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামে চেস ক্লাবের কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের দাবা প্রশিক্ষণ এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের দাবা দল গঠনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে আলোচনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় দাবা ক্লাবের আহ্বায়ক ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

আলোচনায় প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল চেস ক্লাবের কার্যক্রম এগিয়ে নেয়া এবং শিক্ষার্থীদের দাবা প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় চেস ডিসপ্লে বোর্ড, চেস ক্লক ও চেস বোর্ড ক্রয়ের বিষয়েও উপাচার্যকে অবহিত করা হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও মেধা বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে দাবা প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উপাচার্য শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্প্রসারণ এবং একাডেমিক মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ে দাবা চর্চার পরিবেশ তৈরি, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং জাতীয় পর্যায়ে দাবা দল গঠনের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান, ডিইএলএল চেস ক্লাবের পরিচালক আফিফ আহমেদ চৌধুরী ও সুমেত চাকমা এবং ক্লাবের সদস্য মোহাইমিনুল মাহী ও শামসাদ ফাতেমা নিশাত।

