শেরপুরে এক নারীসহ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের নবীনগর নয়াপাড়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবন থেকে তাদের থানায় নেয়া হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। পরে ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে ওই নারীর নাম ওজিলা বলে জানা গেছে।’
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের রাত আড়াইটার দিকে থানা হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

