সিলেট নগরের রায়নগর এলাকার একটি বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ ও বৃদ্ধা খুন হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালি ১১১ নিকুঞ্জ ভিলার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে এমএ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাদের বাসার গৃহকর্মী নগরের জল্লার পাড় এলাকার বাসিন্দা তাহমিনা (১৫)। ছত্তার মিয়ার গ্রামের বাড়ি বিয়ানীবাজারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মনঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে ঢুকে দুর্বৃত্তরা বৃদ্ধ-বৃদ্ধাসহ কাজের মেয়েকে খুন করেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাটি অনুসন্ধান করছে।
নিহত দম্পত্তির ভাগনে মুন্না মিয়া জানান, রায়নগরে বাসায় মা-মামি একাই থাকতেন। তাদের সাথে এক কাজের মেয়ে থাকতো। সকাল ৯টায় তাদের সাথে আলাপ হয়েছে। ধারণা করা হচ্ছে ৯টার পর তাদের হত্যা করা হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, ১১১ নম্বর বাসায় ঢুকে হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী ও গৃহকর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। আব্দুস সত্তার মিয়া ওই এলাকার পুরোনো বাসিন্দা ও প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত।
তিনি বলেন, নিহতদের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

