চট্টগ্রাম বিভাগের ৫ জেলা ছাড়া দেশের অন্যান্য এলাকায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা যথারীতি সূচি অনুযায়ী চলবে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্যান্য সব জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৩, ১৫ ও ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে।
এর আগে দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের কারণে এইচএসসি ও সমমানের সোমবারের পরীক্ষা নেয়া বা স্থগিত করা হবে কিনা, সে বিষয়ে সরকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছিলেন, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করেই পরীক্ষা নেয়া বা স্থগিতের সিদ্ধান্ত হবে।

