চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) রোগী, স্বজন ও দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি ডিপ টিউবওয়েলের উদ্বোধন এবং আরও একটি ডিপ টিউবওয়েল স্থাপনের কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, মানবিক ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি বলেন, এই হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের লাখো মানুষের চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ও স্বজনের চাপ সামলাতে গিয়ে হাসপাতালকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও সেবামনস্ক মানুষদেরও এগিয়ে আসতে হবে।

মেয়র বলেন, হাসপাতালের সুপেয় পানির সংকট নিরসনে একটি ডিপ টিউবওয়েল চালু করা হয়েছে এবং আরও একটি ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করা হচ্ছে। এর ফলে রোগী ও তাদের স্বজনরা নিরাপদ পানির সুবিধা পাবেন। তিনি জানান, প্রয়োজন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবে।
তিনি বলেন, একটি হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হাসপাতালের ওয়ার্ড, বাথরুম, টয়লেট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হতে হবে। হাসপাতালের সম্পদ সংরক্ষণ এবং সেবার মানোন্নয়নে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ধূমপানমুক্ত রাখতে ইতোমধ্যে ‘নো স্মোকিং জোন’ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল এলাকায় ধূমপান ও সিগারেট বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ, মানবিক ব্যক্তিত্ব কায়সার আলী, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রোগীদের জন্য নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত সেবার ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ হাসপাতালের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

