বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কোতোয়ালী থানার উদ্যোগে আজ শুক্রবার( ১৯ জুন) বিকালে সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, শিশু কিশোর সংগঠক রথীন সেন, শ্যামল লোধ, স্বপ্না তালুকদার, অরুন সাহা, রাশিদুল সামির, শান্তুনু চৌধুরী, সুপ্র স্টালিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থানের সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রস্তাবিত জাতীয় বাজেটে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বর্তমান বাজেটে সাধারণ মানুষের ওপর করের চাপ বৃদ্ধি পেলেও বড় পুঁজিপতি ও লুটেরাদের স্বার্থ সংরক্ষিত হয়েছে।
বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ধনী-গরিব বৈষম্য কমাতে কার্যকর করনীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
এছাড়া বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সিপিবি জনগণকে সঙ্গে নিয়ে সংগঠিত ও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে।


