কক্সবাজার শহরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হৃদয় (২৮)। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সিরাজুল ইসলাম।

আহতদের মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা আশরাফ প্রকাশ আসিফ (২৮) এবং পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার আশরাফুল ইসলাম (২০)।
পুলিশ বলছে, পূর্বের বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে হৃদয় গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা গুরুতর।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

