মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত বলে মন্তব্য করেছেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।
রবিবার (১০ মে) নগরীর লায়ন্স কমপ্লেক্সের হালিমা রকেয়া মেমোরিয়াল হলে ২৯তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন ইমতিয়াজ ইসলামের সভাপতিত্বে এবং সচিব লায়ন হাসান আকবরের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেয়া, অন্ধের চোখে আলোর স্বপ্ন পৌঁছে দেয়া এবং হতাশ মানুষের জীবনে আশার আলো জ্বালানোর লক্ষ্য নিয়েই লায়ন্স ক্লাব কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’।
তিনি জানান, চলতি বছরের প্রতিপাদ্য ‘একতাতে সমৃদ্ধি’ সামনে রেখে মানবকল্যাণ, তরুণদের নৈতিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এর মধ্যে রয়েছে চিকিৎসা ক্যাম্প, রক্তদান কর্মসূচি, খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ, খৎনা ক্যাম্প, ডায়াবেটিস সচেতনতা কার্যক্রম এবং নতুন কাপড় বিতরণসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে একটি স্বতন্ত্র আই ইনস্টিটিউট, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড প্রকল্প এবং দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহায়তায় লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট।
এছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় আয়োজিত আই ক্যাম্পের মাধ্যমে ১২ হাজার ৮৯১ জন দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পগুলোতে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং চক্ষু পরিচর্যা বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয়।
লায়ন্স গভর্নর বলেন, দেশের দারিদ্র্য, বৈষম্য ও অশিক্ষার মতো সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বকর, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, লায়ন গাজী মুহাম্মদ শহীদুল্লাহ, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন শাহেদুল ইসলাম, সেক্রেটারি লায়ন সাব্বির আহমেদসহ লায়ন্স নেতারা।
উল্লেখ্য, ১১ মে নগরীর জিইসি কনভেনশন সেন্টার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১৪ ও ১৫ মে চিটাগং ক্লাবে দু’দিনব্যাপী বার্ষিক জেলা কনভেনশন অনুষ্ঠিত হবে।

