রবিবার, ১২ এপ্রিল ২০২৬
চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় ড. সৈয়দা হালিমা বেগম

আদর্শ নারীর মূল পরিচয় হচ্ছে পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রাসায়ণ ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দা হালিমা বেগম বলেছেন, আদর্শ নারীর মূল পরিচয় হচ্ছে পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা। সততা ও নিষ্ঠার মাধ্যমে স্বামী সন্তানসহ পুরো পরিবারকে নৈতিক পথে পরিচালিত করা। বর্তমান সমাজে এক ধরনের নেতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়েছে, ফ্ল্যাট, গাড়ি ও বিলাসী জীবনযাপন নিয়ে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা হচ্ছে, যা আদর্শ নারীর বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

- Advertisement -

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতার বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ১২ তম দিনে “একজন আদর্শবান নারী, শুধু একটি পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকেও বদলে দিতে পারে” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড. সৈয়দা হালিমা বেগম বলেন, একজন সরকারি চাকরিজীবী বা সীমিত আয়ের মানুষ সৎভাবে উপার্জন করে জীবনযাপন করলে তাকে অযথা ভোগবিলাসের দিকে ঠেলে দেয়া উচিত নয়। বরং একজন আদর্শ নারী তার স্বামীকে সৎ পথে থাকার জন্য উৎসাহিত করবেন এবং পরিবারের চাহিদাকে বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ রাখবেন।

কন্যা সন্তানের প্রসঙ্গে বলেন, অনেক পরিবারে একাধিক কন্যা সন্তান জন্ম নিলে অসন্তোষ দেখা যায়, যা দুঃখজনক। তিনি জোর দিয়ে বলেন, একটি কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন ও আদর্শ শিক্ষায় গড়ে তোলা যায়, তবে সে ভবিষ্যতে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা, যিনি সাধারণ জীবনযাপন করেও দেশের সর্বোচ্চ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। তিনি সমাজের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বাস্তবতা তুলে ধরে বলেন, সমাজের অধিকাংশ মানুষই সীমিত আয়ের মধ্যে জীবনযাপন করেন। বিশেষ করে গার্মেন্টস খাতে কর্মরত নারীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের জীবনসংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সন্তানদের মানবিক ও সহনশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিলাসী জীবন নয়, বরং সাধারণ মানুষের জীবনযাপন কাছ থেকে দেখা ও উপলব্ধি করা সন্তানদের মধ্যে প্রকৃত মূল্যবোধ তৈরি করে। সন্তানদের শেখাতে হবে মিথ্যা, দুর্নীতি, ঘুষ ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে। শুধু মুখে আদর্শের কথা বললেই হবে না, বাস্তব জীবনে তা অনুসরণ করতে হবে। নামাজ আদায় করেও যদি কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তবে তা কখনোই প্রকৃত আদর্শ হতে পারে না।

অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী এস বি সুমি ও উত্তম দাস গান পরিবেশন করেন এবং চসিকের আইয়ুব বিবি উচ্চবিদ্যালয় ও কলেজ, পাটানটুলী বালক উচ্চবিদ্যালয়, শহীদ নগর বালিকা উচ্চবিদ্যালয় এবং ফিরোজশাহ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, লেখক ও প্রাবন্ধিক এডভোকেট রেবা বড়ুয়া, অনুবাদক ও গল্পকার ফারজানা রহমান শিমু।

অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু।

 

সর্বশেষ

এই বিভাগের আরও