শনিবার, ২৮ মার্চ ২০২৬

অবৈধ মজুদ ৬ টন ডিজেল জব্দ চট্টগ্রামে : আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩০ ড্রাম (প্রায় ৬ হাজার লিটার) ডিজেল জব্দ করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডিজেল লোডিং-আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও উদ্ধার করা হয়। জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

- Advertisement -shukee

জেলা প্রশাসন সূত্র জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কমিশনার ঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বাংলাদেশ পুলিশ সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুদ করা ৩০টি ড্রামে সংরক্ষিত ডিজেল উদ্ধার করা হলেও কোনো আসামিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া তেল ও সরঞ্জামও আইনি প্রক্রিয়ার আওতায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার কাছে সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন ধরে এলাকাটিতে এমন কার্যক্রম চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট কারবারিদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও