সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

দম ফুরিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সময় প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, সরকার যে পরিমাণ সংস্কার, বিচার ও কাঠামোগত পরিবর্তনের সুযোগ পেয়েছিল, তা কাজে লাগানোর সক্ষমতা এখন শেষ সীমায় পৌঁছেছে। তার ভাষায়, যেটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে।

- Advertisement -

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

- Advertisement -shukee

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যে সক্ষমতা ও সম্ভাবনা ছিল, তা কার্যত শেষ পর্যায়ে চলে এসেছে। বর্তমান বাস্তবতায় সরকারের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত শেষ বড় কাজ হলো একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন উপহার দেয়া। তিনি বলেন, এখন ওনারা যেটা করতে পারেন, তা হলো একটা ভালো নির্বাচন।

অনুষ্ঠানে সিজিএসের একটি জরিপ প্রতিবেদন তুলে ধরা হয়, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনী অংশগ্রহণে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করা হয়েছে। জরিপটি দেশের বিভিন্ন এলাকার ৫০৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে পরিচালিত হয়।

ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি বললেন, ধর্মবর্ণ–নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু ছাতা তো খুললই না। বৃষ্টি পড়ে যাচ্ছে।

দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। তিনি বলেন, নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্নমতের রাজনীতির মানুষ হোক—নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে–পরে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। তিনি মনে করেন, সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও অর্থনীতিবিদ সেলিম জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

বক্তব্য রাখছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য

 

সর্বশেষ

পরীমনিকে প্রাণনাশের হুমকি

এই বিভাগের আরও