সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

 চট্টগ্রামের তিন আসনে বাসদ (মার্কসবাদী)-র প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯,১০ ও ১১ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরাম। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ হতে আজ  (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
চট্টগ্রাম -৯ (কোতোয়ালি -বাকলিয়া) আসনে বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ, চট্টগ্রাম -১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনে বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা আহবায়ক আসমা আক্তার, চট্টগ্রাম -১১ ( বন্দর-ডবলমুরিং-পতেঙ্গা) আসনে বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির সদস্য দীপা মজুমদারকে দলের পক্ষ হতে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তাঁরা দলীয় কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।প্রার্থী হিসেবে মনোনীত নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে ভূমিকা রেখে আসছেন এবং সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতিকে সামাজিক দায়বদ্ধতা হিসেবে গ্রহণ করে জনগণের পক্ষে লড়াই করে যাচ্ছেন।
প্রার্থী পরিচিতি
চট্টগ্রাম -৯  (এডভোকেট শফি উদ্দিন কবির (আবিদ)
শফি উদ্দিন কবির (আবিদ) বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা আহবায়ক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি।তিনি সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল থেকে মাধ্যমিক,চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স ও চট্টগ্রাম ল’কলেজ থেকে এলএলবি সমাপ্ত করেন।তিনি স্কুলে পড়ার সময় থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সহসভাপতি ছিলেন।ছাত্রজীবন শেষ করার পর চট্টগ্রাম আদালতে আইনপেশায় যুক্ত হন এবং পরবর্তীতে দলের সার্বক্ষনিক রাজনৈতিক কর্মী হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন।ইতোপূর্বে ২০০৮ সালে দলের পক্ষ হতে কোতোয়ালি-বাকলিয়া আসনে তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম -১০ (আসমা আক্তার)
আসমা আক্তার বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া ‘গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি’ র সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি,ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বিভিন্ন বস্তিতে বসবাসরত শ্রমজীবী মানুষদের কাজ,আবাসন,শিক্ষা-স্বাস্থ্যের দাবিতে তিনি সোচ্চার এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি স্কুল,সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন।আসমা আক্তার মিঠানালা রাম দয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,মিরসরাই ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও অনার্স, চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স এবং টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী থেকে বিএড ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে দলের একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা পালন করছেন।
চট্টগ্রাম -১১(দীপা মজুমদার)
দীপা মজুমদার বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির একজন সদস্য।এর পূর্বে তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার সংকট নিয়ে দীর্ঘদিন তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃত্বে বিভিন্ন ছাত্র আন্দোলন গড়ে তোলায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্র আন্দোলন গড়ে তোলা ও সংগঠিত করার ক্ষেত্রে শুরু থেকেই অগ্রণী ও সাহসী ভূমিকা রেখেছেন।তিনি টি.এন্ড.টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পোস্তার পাড় আসমা খাতুন সিটি করপোরেশন কলেজ থেকে এইচ.এস.সি, সরকারি সিটি কলেজ থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন।বর্তমানে তিনি দলের সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবে সমাজ পরিবর্তনের রাজনীতিতে আত্মনিয়োগ করেছেন।

- Advertisement -

আমরা আসন্ন নির্বাচনে চট্টগ্রাম ৯,১০ ও ১১ আসনের সর্বস্তরের জনগণের নিকট বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থীদের কাঁচি প্রতীকে ভোট দিয়ে এবং নির্বাচনী তহবিলে অর্থ সহযোগিতা করে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার আহবান জানাই।

সর্বশেষ

এই বিভাগের আরও