ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রের কাউন্সিল কক্ষে “Bridging Academia and Industry in National Progress” শীর্ষক কারিগরী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় কারিগরী আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় (কুয়েট)’র উপাচার্য প্রফেসর ড. মো.মাকসুদ হেলালী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম উপস্থিত ছিলেন।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্য প্রদান ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
কারিগরী আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি চুয়েটের ভিসি জাতীয় অগ্রগতি, পরিকল্পনা প্রনয়ন ও অর্থনৈতিক উন্নয়নে শিক্ষা ও শিল্পের পারস্পরিক সেতুবন্ধনের গুরুত্ব অপরিসীম বলে মতব্যক্ত করেন। তিনি শিল্প সম্প্রসারনে উন্নত প্রযুক্তি উদ্ভাবন, উচ্চতর জ্ঞান অর্জন, গবেষণামূলক ও শিল্প সমন্বিত কর্মকান্ড প্রণয়নে চুয়েট বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি টেকসই গুণগত মানসম্পন্ন মেশিনারিজ ব্যবহার, শিল্পে উৎপাদন ব্যয় হ্রাস করা ও বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে আনার লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবনে অংশীদারিত্বের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান ও চুয়েট একত্রে কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
কারিগরী আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি কুয়েটের ভিসি বলেন, দেশের পরিবর্তনে, জাতীয় অগ্রগতিতে শিল্প প্রতিষ্ঠান এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মাঝে জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান আইইবি মাধ্যম হিসেবে অগ্রণী ভুমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন। তিনি বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত শেষ বর্ষের শিক্ষার্থীদের বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জনে ইন্টার্নশিপ হিসেবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সুযোগ দেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি শিল্প প্রতিষ্ঠানে দক্ষ মানব সম্পদ তৈরী, স্থায়ী প্রযুক্তি ব্যবহার, গবেষণামূলক উন্নয়ন ও সমস্যা চিহ্নিত করে তা নিরসনে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
কারিগরী আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি সিডিএ’র চেয়ারম্যান বলেন, দেশের চলমান শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল কাঠামো উদ্ভাবন একান্ত প্রয়োজন। তিনি শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন টেস্ট রিপোর্ট প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে অধিক তৎপর হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, শিক্ষা ও শিল্পখাতে কার্যকর সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এধরনের কারিগরী আলোচনার মাধ্যমে যৌথ উদ্যোগ ও নিত্য নতুন উদ্ভাবনের পথ সুগম হবে বলে মতব্যক্ত করেন। তিনি সরকারী বেসরকারী, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আইইবি’র মাঝে কার্যকর সংযোগ স্থাপন করা অত্যন্ত জরুরী বলে উল্লেখ করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, বিএসআরএম এর হেড অব অপারেশন প্রকৌশলী আজিজুল হক, কুয়েটের ত্রিপলী ডিপার্টমেন্টের প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা। কারিগরী আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও স্বায়ত্বশাসিত শিল্প প্রতিষ্ঠানের উর্ধতন প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, কাউন্সিল সদস্যগণ এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

