কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে চট্টগ্রাম নগরজুড়ে নামলো স্বস্তির বৃষ্টি।
সোমবার (২৭ এপ্রিল) সকাল আটটার দিকে বৃষ্টি নামলে নগরজীবনে ফিরে আসে প্রশান্তি। বৃষ্টি শুরু হওয়ার পরপরই তাপমাত্রা কিছুটা কমে আসে।

নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় বলেন, ‘সকাল আটটা থেকে হালকা বৃষ্টি হয়েছে। নয়টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রাতে বৃষ্টি বাড়তে পারে।’
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’
গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকায় জনজীবন প্রায় অস্থির হয়ে উঠেছিল। দিনভর তীব্র রোদ আর রাতে গরমে ঘুমহীনতা। সব মিলিয়ে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছায়। এর মধ্যে লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
নগরীতে কয়েক দিন ধরে তীব্র গরমের কারণে বাইরে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। আজকের বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিলো।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলেও আশা করা হচ্ছে।

