চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় খননকাজ চলাকালে মাটি ধসে চার শ্রমিক চাপা পড়েছেন। এতে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, মাটি ধসে আহত চার শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- রাকিব ও তুষার, যাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহত দুই শ্রমিক হলেন- সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

