চট্টগ্রাম নগরীর টেরিবাজারে অর্কিড প্লাজা নামে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বক্সির বিট এলাকার ১২তলা অর্কিড প্লাজার চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনজন অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে দুইজনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঈদের ঠিক একদিন আগে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক। যারা দিনরাত পরিশ্রম করে মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করেন, সেই শ্রমজীবী মানুষগুলোই আজ কর্মরত অবস্থায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আমি গভীর শোক প্রকাশ করছি।
মেয়র বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ভবনের মালিক ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বসে দ্রুত একটি সমন্বিত সিদ্ধান্ত নেব, যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যায়। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় মেয়র উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। মেয়র নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মুনসুর, ব্যবসায়ী নেতা মো. ফরিদ উদ্দিন, মো. মহিউদ্দিন, মো. ইমরানুল হক, এডভোকেট মারুফ, আবদুল করিম, কফিল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

