রবিবার, ১ মার্চ ২০২৬

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

আজ শনিবার বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জামায়াতের শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

- Advertisement -shukee

দীর্ঘদিন পর এই বড় পরিসরের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এ সময় তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামীদিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

তিনি বলেন, আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেবেন।

এই ইফতার মাহফিলে তাকে দাওয়াত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা. শফিকুর রহমানসহ সব নেতাদের ধন্যবাদ জানান।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ওইদিন প্রধানমন্ত্রীর হাতে ইফতারের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী ইফতারে অংশ নেওয়ার ব্যাপারে তার সদয় সম্মতির কথা জানিয়েছিলেন।

সূত্র জানায়, আমন্ত্রণপত্র পৌঁছে দেয়ার পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। ফোনালাপে তিনি প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিকেলে ইফতার মাহফিলে উপস্থিত হন সরকার প্রধান। সেখানে তিনি আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং ইফতারে অংশ নেন।

সর্বশেষ

যমুনা ছাড়লেন ড. ইউনূস

এই বিভাগের আরও