ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত পোশাক খাতের ব্যবসায়ী সংসদ সদস্য, মন্ত্রী ও উপদেষ্টাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জনকে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।

সংসদ সদস্যদের মধ্যে সংবর্ধিত হয়েছেন- জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, এস এম ফয়সল, মো. খালেদ হোসেন মাহবুব, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আব্দুল্লাহ, মো. আবদুল হান্নান ও মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমাদের শিল্প থেকে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে- আপনারা যেমন নিজ নিজ এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন, তেমনি জাতীয় সমস্যার পাশাপাশি পোশাক শিল্প নিয়েও সংসদে জোরালো ভূমিকা রাখবেন।
মাহমুদ হাসান খান আরও বলেন, পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের অর্থনীতির ‘লাইফলাইন’। আমরা প্রতিনয়ত যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, সেগুলো সংসদে আপনাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন বলে আমরা আশা করি। কারণ, পোশাক শিল্পের উন্নয়ন মানেই বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়ন।


