ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন বিকালে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকালের শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকালের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে এদিন ভোট নেয়া হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।
এছাড়া ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে বিজয়ী হয়েছে। একই জোটের ব্যানারে নির্বাচন করা বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন। একটি করে আসন পেয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি সাতটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দলটি নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে দলটির শীর্ষ পর্যায়ে এ বিষয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ফলে বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বেই সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

