বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

অর্থনৈতিক উন্নয়নে বাকলিয়ার যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৃহত্তর বাকলিয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়ন করা হচ্ছে। পরিকল্পিত সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে অর্থনৈতিকভাবে গতিশীল করে তোলা হবে।

- Advertisement -

বুধবার (১১ ফেব্রুয়ারি) কালামিয়া বাজার এলাকায় চসিক নির্মাণাধীন হাটখোলা থেকে কালামিয়া বাজার সড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

মেয়র আরও বলেন, “বাকলিয়া দীর্ঘদিন ধরে যোগাযোগ সংকট, সরু রাস্তা ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছিল। আমরা ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করছি। সড়ক উন্নয়ন মানেই শুধু যাতায়াত সহজ করা নয়—এটি স্থানীয় অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা, শ্রমজীবী মানুষের আয়ের সুযোগ এবং সামগ্রিক নগর প্রবাহকে শক্তিশালী করে।”

জনপ্রত্যাশার কথা তুলে ধরে সিটিমেয়র বলেন, চট্টগ্রামের জনগণ চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তার সুফল নগরীর প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে হবে। বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে, যখন নগরীর প্রতিটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা উন্নত যোগাযোগ সুবিধার আওতায় আসবে। বৃহত্তর বাকলিয়াকেও সেই উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করা হচ্ছে।

পরিদর্শনকালে এলাকাবাসী মেয়রকে জানান, হাটখোলা থেকে কালামিয়া বাজার সড়ক নির্মাণ প্রায় শেষের পথে। সড়কটিতে যান চলাচল শুরু হওয়ায় ইতোমধ্যে বৃহত্তর বাকলিয়াবাসী কর্ণফুলী ও চাক্তাই এলাকায় যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা ভোগ করছেন। এর ফলে পরিবহন ব্যয় কমেছে, সময় সাশ্রয় হচ্ছে এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।

মেয়র এসময় এলাকার সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। নতুন সড়ক সম্প্রসারণ, সংযোগ সড়ক তৈরি এবং পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় নালা নির্মাণের সম্ভাব্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালামিয়া বাজার এলাকায় চসিক নির্মাণাধীন সড়ক পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও