ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, ইউএনও ফেরদৌস আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ জানুয়ারি (সোমবার) দায়িত্ব পালনকালে ফেরদৌস আরা প্রচণ্ড মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে দাফন করা হবে।
ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি চলতিবছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।

