শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

- Advertisement -

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন হাজারও যাত্রী।

- Advertisement -shukee

সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শত শত কর্মকর্তা অংশ নেন।

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন, পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।

এর আগে শুক্রবার (০৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

দুপুর একটার দিকে সড়কটি ছাড়েন তারা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বলেন, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। এ সময় অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহালসহ ৬ দফা দাবি জানান তারা।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও