বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পটিয়ায় সাংবাদিকদের সঙ্গে  বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম চৌধুরীর মতবিনিময়

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে পটিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়া প্রেসক্লাব মিলনায়তনে “নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্রের অভিযাত্রা” শীর্ষক এ সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান ও রাজনৈতিক ভিশন তুলে ধরেন।

- Advertisement -shukee

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রাজনীতিতে তাঁর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। “আমি ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত আছি। হারানোর কিছু নেই আমার। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে পটিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করব।”

ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাংগঠনিক দুর্বলতায় বিএনপির কর্মীরা হতাশ। “পটিয়া উপজেলা বিএনপির দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি নেই। সাবেক নেতৃত্ব বিভক্ত হয়ে আলাদাভাবে মনোনয়ন প্রত্যাশা করছে। এতে অভ্যন্তরীণ সংকট বেড়েই চলেছে।” এ পরিস্থিতি কাটিয়ে ওঠতে তিনি দ্রুত শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিটি গঠনের আহ্বান জানান।

শহীদুল বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তাঁর পাশে দাঁড়াতে হবে। বিভক্তি থাকলে কোনো নির্বাচনী লড়াই সফল হবে না।”

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও কৃষিকে প্রাধান্য দিয়ে পটিয়ার উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে চান। “উন্নয়ন মানে শুধু সড়ক বা ভবন নয়, মানুষের জীবনে পরিবর্তন আনা। সেটিই হবে আমার প্রতিশ্রুতি।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। “৩১ দফা কেবল ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই কর্মসূচি বাস্তবায়িত হলে ভোটাধিকার ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক বৈষম্য দূর হবে।”

সভায় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক খোরশেদ আলম, পটিয়া লবণ মিল মালিক সমিতির সদস্য আকবর হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আলোচনা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও