চট্টগ্রামের সাতকানিয়ায় খেলার ছলে পুকুরের পানিতে নেমে দুই শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত ওই শিশুদের নাম মোছামৎ মুসকান (৪ বছর ৬ মাস) ও মোহাম্মদ সাফওয়ান (১ বছর ৮ মাস)। নিহতরা সম্পর্কে মামাত ভাই ও ফুফাতো বোন।

নিহত মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার মোহাম্মদ জুয়েলের মেয়ে ও নিহত সাফওয়ান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সমশু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাকানিয়া ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়িতে বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে যায় মুসকান। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে মুসকান ও তার মামাত ভাই সাফওয়ান খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামলে তারা দুজনেই পুকুরের পানিতে ডুবে যায়।
এরপর বাড়ির লোকজন তাদের খুঁজে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের পুকুরে তারা দুজনকে পানিতে ভাসতে দেখে। পরবর্তীতে এলাকাবাসী তাদের পুকুর হতে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুমন, বিএনপি নেতা মোরশেদুল আলম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন রশিদ পুকুরের পানিতে ডুবে মামাত ভাই ও ফুফাতো বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

