ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যেগে অটোক্যাড প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মঙ্গলবার ( ০৮ জুলাই) সন্ধ্যায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও কোর্স প্রশিক্ষক প্রকৌশলী মোঃ আবদুন নাঈম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, আধুনিক বিশ্বে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। তিনি আত্মনির্ভরশীলতা অর্জন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে সকলকে সুনাগরিক হিসেবে গড়ে উঠার উপর অভিমত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, প্রত্যেকে প্রতিষ্ঠিত ও স্বাবলম্বি হতে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন পেশাদারি প্রশিক্ষণ গ্রহণ করা অত্যাবশ্যকীয়। তিনি আরো বলেন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে অটোক্যাড, ইটাবস, মাইক্রোসফট প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্টুডিও ম্যাক্স, পিএলসি, মাইক্রোকন্ট্রোলারসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। তিনি প্রকৌশলীসহ প্রকৌশল ও কারিগরী পেশায় নিযুক্ত সকলকে অত্যন্ত সাশ্রয়ী ফি’তে এসব প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও তিনি স্বল্প শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বি করার লক্ষে বিনামূল্যে অত্র কেন্দ্রে ইলেকট্রিশিয়ান, আর্ক এন্ড ওয়েল্ডিং, প্ল্যাম্বার, এসি টেকনিশিয়ানসহ আত্ম উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে বলে উল্লেখ করেন।
অন্যান্যদের মধ্যে আইটি সাপোর্ট ও ওয়েব সাইট উন্নয়ন উপ-কমিটি আহ্বায়ক প্রকৌশলী মো. মোস্তফা জামাল ও কমিটির যুগ্ম সদস্য-সচিব প্রকৌশলী জামাল হোসাইন উপস্থিত ছিলেন। দু’মাসব্যাপী অটোক্যাড প্রশিক্ষণ সপ্তাহে তিনদিন বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা পর্যন্ত চলমান থাকে। আধুনিক সুসজ্জিত, শীতাতপ নিয়ন্ত্রিত ও ওয়াইফাই সংযুক্ত, ডিজিটাল কম্পিটার ল্যাবে সকল প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্বোধন শেষে অটোক্যাড প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী প্রদান করা হয়।

