Sunday, 11 October 2026

[the_ad id='15178']

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির সাজেক থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরানোর দাবিতে রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দিয়েছে দুটি সংগঠন।

- Advertisement -

শনিবার এক যৌথ বিবৃতিতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এ কর্মসূচি ঘোষণা করে। রোববার সকাল ৭টা থেকে অবরোধ শুরু হবে বলে বিবৃতিতে জানানো হয়।

- Advertisement -shukee

বিবৃতিতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুন চাকমা বলেন, গত ৮ অক্টোবর সাজেকের উল্টোরাজারে এক সমাবেশ থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের সরিয়ে না নেয়ায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবরোধ চলাকালে পর্যটন সড়কে যানবাহন না চালাতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি পর্যটক ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি। সাজেকবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চেয়েছে তারা।

বিবৃতিতে অভিযোগ করা হয়, গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেএসএসের সশস্ত্র সদস্যরা গাড়িতে করে দাড়িপাড়া এলাকা থেকে এসে মাচাং আর্মি ক্যাম্পের পাশে নামেন। পরে তারা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এরপর থেকে তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্য চালানোর পাশাপাশি গ্রামবাসীর সম্পত্তি নষ্ট করছেন বলে দাবি করেছে সংগঠন দুটি।

তাদের দাবি, সশস্ত্র সদস্যদের গুলিতে কমিতা ত্রিপুরা নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র সদস্যরা সাজেকে অবস্থান করায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাদের সরিয়ে নিতে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও