Saturday, 22 August 2026

[the_ad id='15178']

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

তীব্র গ্যাস সংকট, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অনুপস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম অনিশ্চয়তা ও চরম ভোগান্তিতে পড়েছে দেশের সাধারণ মানুষ। জীবনযাত্রার এই অসহনীয় পরিস্থিতি ও জনদুর্ভোগের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)- চট্টগ্রাম জেলা শাখা।

- Advertisement -

আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা সরকারের নীতি ও বাজার সিন্ডিকেটের কঠোর সমালোচনা করেন।

- Advertisement -shukee

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সদস্য প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলির সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, সদস্য রেখা চৌধুরী, যুবনেতা রূপন ধর এবং ছাত্রনেতা শুভ দেবনাথ।

বক্তব্য রাখছেন সিপিবি-চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর

সমাবেশে সিপিবির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের জ্বালানি সংকট পুরো দেশের জনজীবন ও জাতীয় অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং এবং বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্নাবান্নার স্বাভাবিক পরিবেশটুকুও আজ বিলুপ্ত প্রায়। বাধ্য হয়ে মানুষ চড়াদামে এলপিজি সিলিন্ডার, এমনকি কাঠ-বাঁশ জ্বালিয়ে রান্নার কাজ সারছে। একদিকে বাসাবাড়িতে হাহাকার, অন্যদিকে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্য ভেস্তে বসছে।

সিপিবির নেতারা বলেন, সংকট সমাধানের প্রশ্নে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ ও উদাসীন। গ্যাস-বিদ্যুৎ নিয়ে প্রশ্ন তুললেই সরকার সমাধান না খুঁজে আগের আমলের দোষ তালিকাভুক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। অথচ সরকারের মূল দায়িত্ব ছিল দেশীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা। তা না করে সরকার মার্কিন স্বার্থসংশ্লিষ্ট নানা জনস্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে।

নিত্যপণ্যের সীমাহীন দাম বৃদ্ধি প্রসঙ্গে তারা বলেন, বাজারে সরকারের ন্যূনতম তদারকি নেই। অসাধু ব্যবসায়ী, মজুদদার ও প্রভাবশালী সিন্ডিকেটের কাছে পুরো দেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে এলএনজি-নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদ ব্যবহার, বিদ্যুৎ ও গ্যাসের যৌক্তিক মূল্য নির্ধারণ, অসাধু সিন্ডিকেট ভাঙতে কঠোর বাজার মনিটরিং এবং সার্বিক জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও