চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট আমদানি, মজুত ও বিক্রি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়।

র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, অভিযানে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেটের অবৈধ আমদানি, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

