একজন দক্ষ আইনজীবী গড়ে ওঠার জন্য কেবল একাডেমিক সাফল্য নয়, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারও সমান গুরুত্বপূর্ণ।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব ল’ সামার-২০২৬ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে সম্প্রতি অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নূরুল আবসার। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এ. এম. জুলফিকার হায়াত। এছাড়া স্কুল অব ল’-এর সহকারী ডিন (ইন-চার্জ) রামিসা জাহান অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনায় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সিআইইউ-এর স্কুল অব ল’ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানানো হয়।
বক্তারা শিক্ষার্থীদের আইন বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা, পেশাগত সততা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একজন দক্ষ আইনজীবী গড়ে ওঠার জন্য কেবল একাডেমিক সাফল্য নয়, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারও সমান গুরুত্বপূর্ণ।
এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে নবীন অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাদের এই অর্জনকে বিশ্ববিদ্যালয় ও স্কুল অব ল’-এর জন্য গর্বের বলে উল্লেখ করেন। তারা বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে অর্জিত এই সাফল্য নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, নবীন আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সহায়তা করার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত সাফল্য উদযাপনের সুযোগ সৃষ্টি করে।

