মঙ্গলবার, ১২ মে ২০২৬

[the_ad id='15178']

ক্রেতা সেজে সোনার গয়না দেখতে দেখতে কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পালোনোর চেষ্টা, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক

সোনার দোকানে  ক্রেতা সেজে ঢুকেন এক নারী। দেখছিলেন সোনার হার আর চুড়ি। দোকান কর্মচারীরাও শোকেস খুলে দেখাচ্ছিলেন নানা ধরনের গয়না। একপর্যায়ে ওই নারী হঠাৎ বোরকার পকেটে হাত দেন। মুহূর্তেই তিন কর্মচারীর চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন । দেখানোর জন্য বের করা বেশ কিছু গয়না কেড়ে নেন তিনি। মরিচের গুঁড়া ছিটানোয় কর্মচারীরা চোখে দেখতে পারছিলেন না। তবে এর মধ্যেও ওই নারীকে তারা দোকান থেকে বের হতে দেননি। কর্মচারীদের বারবার ধাক্কা দিয়ে পালাতে চেষ্টা করেও তিনি বিফল হন। পরে খবর পেয়ে পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায় ওই নারীকে।

- Advertisement -

আজ মঙ্গলবার (১২মে) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবিরহাটের নিউ টুনটু জুয়েলার্সে এই ঘটনা ঘটেছে। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায়, ওই নারী ক্রেতা সেজে সোনার গয়না নিয়ে পালাতে চেয়েছিলেন।

- Advertisement -shukee

পুলিশ জানায়, ওই নারীর নাম সালমা আকতার। তিনি ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও থাকেন হাটহাজারী উপজেলা সদরের ভাড়া বাসায়। তিনি গতকাল সোমবার আরেকটি জুয়েলারির দোকানে চুরি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গয়নার দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ২টার দিকে ক্রেতা সেজে বোরকা পরা ওই নারী দোকানে ঢোকেন। দোকানের কর্মচারীদের সোনার গয়না দেখাতে বলেন তিনি। পরে তাঁরা বেশ কিছু গয়না বের করলে ওই নারী তাঁদের সবার চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এ সময় চুড়ি, কানের দুল এবং হার ছিনিয়ে নেন তিনি। গয়নাগুলো প্রায় সাড়ে তিন ভরি সোনা দিয়ে তৈরি। এক কর্মচারী ওই নারীর দুই হাত কৌশলে ধরে রাখেন। এরপর বাইরের লোকজন এসে ওই নারীকে আটক করে পুলিশে দেন।

দোকানের মালিক সুমন ধর বলেন, ‘সাড়ে ৩ ভরি সোনা ছিনতাইয়ের চেষ্টা করেন ওই নারী। তাঁকে আমরা পুলিশের হাতে তুলে দিই।’

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, ওই নারীর বিরুদ্ধে গতকাল সোমবারও উপজেলার আরেকটি সোনার দোকান থেকে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছিল। আজ আবার ক্রেতা সেজে চুরি করতে গিয়ে ধরা পড়েন। তাকে থানাহাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে তার বিরুদ্ধে।

সর্বশেষ

এই বিভাগের আরও