শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় প্রফেসর ড. নছরুল কদির

আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এস এম নছরুল কদির বলেছেন, আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক বিকাশ ও পারিবারিক বন্ধনে নেতিবাচক প্রভাব ফেলছে। উন্নত দেশে অনেক অভিভাবকরা শিশুদের স্ক্রিন থেকে দূরে রাখার বিষয়ে সচেতন। সেখানে বাবা মা সচেতনভাবে শিশুকে টিভি স্ক্রিন দেখতে দেন না, বরং স্বাভাবিক বিকাশে গুরুত্ব দেন। বিপরীতে আমাদের দেশে অনেক সময় শিশুদের খাওয়ানো বা ব্যস্ত রাখার জন্য মোবাইল বা গেম দেয়া হয়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। সন্তানদের সঙ্গে সময় না দিয়ে ডিভাইসে অভ্যস্ত করে তোলা হলে তাদের আচরণে পরিবর্তন আসে এবং পরিবারে সাথে দূরত্ব সৃষ্টি হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতার বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ১০ম দিনে “জনগণের সমস্যা লাঘবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড. নছরুল কদির বলেন, শিশুদের ছোটবেলা থেকেই ডিভাইস নির্ভর করে তোলা হলে তারা ধীরে ধীরে উচ্চমূল্যের প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে এবং পরবর্তীতে তা পারিবারিক চাপ ও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

পারিবারিক মূল্যবোধ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সন্তান জন্মের সময় বাবাদের সম্পৃক্ততা এবং মা’দের কষ্ট উপলব্ধির বিষয়টি উন্নত দেশগুলোতে গুরুত্ব পাচ্ছে, যা আমাদের সমাজেও চর্চা হওয়া উচিত।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, যাতে কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাত না থাকে। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও সৃজনশীল পেশা। এই পেশা বেছে নেয়ার মাধ্যমে সমাজের প্রতি একটি বড় দায়িত্ব গ্রহণ করতে হয়।

তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের প্রত্যাশা পূরণ হবে এবং দেশ একটি সুন্দর, সমৃদ্ধ ও স্বাধীনতার চেতনায় এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী কোহেলী মজুমদার ও মানস পাল গান পরিবেশন করেন এবং চসিকের পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন মহিলা কলেজ, সরাইপাড়া উচ্চ বিদ্যালয় এবং চসিক কমার্স কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন দৈনিক কালের কন্ঠের চট্টগ্রাম অফিস প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুনালের পিপি এডভোকেট সেলিম উদ্দিন শাহীন, দৈনিক দিনকালের চট্টগ্রাম অফিস প্রধান হাসান মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু।

সর্বশেষ

এই বিভাগের আরও