চট্টগ্রামের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ইস্পাহানি রেলগেট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রয়েছে। তাদের পুনর্বাসনে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না।”

তিনি আরও বলেন, “দুর্যোগের সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সরকার ও সিটি কর্পোরেশনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসা উচিত।”
এ সময় আরও উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, ওয়ার্ড আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার জিয়া ও মো. সজল।
এছাড়াও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি দিদারুল ফেরদৌস দিদার, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ বাহার, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিক, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক রানা মির্জা, পাহাড়তলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন জুয়েল এবং ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

